মুক্তাগাছায় দুই বেকারির জরিমানা, সিলগালা

আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১৫:০৯
ময়মনসিংহের মুক্তাগাছা শহরের তিনটি বেকারি কারখানায় অভিযান চালিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে জেল জরিমানা ও কারখানা সিলগালার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ।
 
সোমবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. উম্মে আফছারী জহুরা । অভিযানে সহযোগিতা করেন এএসপি ইব্রাহিমের নেতৃত্বে মুক্তাগাছাস্থ-২ আর্মড পুলিশ ব্যাটালিয়ান ফোর্স ।
 
২ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের এএসপি ইব্রাহিম জানান, বড়হিস্যা বাজারে মীনা বেকারি কারখানায় ভেজাল সামগ্রী ব্যবহার করে খাদ্যদ্রব্য তৈরির অভিযোগে কারখানা সিলগালা এবং প্রতিষ্ঠানের মালিক স্বপন সাহাকে সাতদিনের কারাদণ্ড এবং ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।  কলেজরোডে নিউ মিনা বেকারি কারখানায় বিএসটিআই’র অনুমোদনবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে প্রতিষ্ঠান মালিক দীপক সরকারকে ৩০ হাজার টাকা জরিমানা এবং মহারাজা রোডে ঢাকা লিটন বেকারিতে ভেজাল খাদ্যদ্রব্য তৈরির অভিযোগে ম্যানেজার তোফাজ্জল হোসেনকে সাতদিনের কারাদণ্ড ও ৩৫  হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত । এ সময় বেকারির কারখানায় খাদ্যে ব্যবহারের উদ্দেশ্যে রাখা ভেজাল উপকরণ জব্দ করা হয়।
 
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. উম্মে আফছারী জহুরা জানান, জব্দকৃত উপকরণ পুড়িয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।