মঙ্গলবার শাহবাগে অবস্থান নেবে গণজাগরণ মঞ্চ

আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১৫:১০
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত মীর কাসেম আলীর আপিল মামলার রায়কে কেন্দ্র করে গণজাগরণ মঞ্চ মঙ্গলবার সকাল ৮টা থেকে শাহবাগ চত্বরে অবস্থান নেবে। এতে নেতৃত্ব দেবেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
 
সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় গণজাগরণ মঞ্চের সব নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। 
 
মীর কাসেম আলীর ফাঁসি নিয়ে ঘরে ফেরার ঘোষণা দিয়েছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ। 
 
একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, রঞ্জিত দাস লাতু ও টুন্টু সেন রাজুসহ আটজনকে হত্যার বিচার শেষ হয়েছে। এসব হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন। এখন চূড়ান্ত পরিণতির জন্য সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা।
 
মঙ্গলবার আপিল বিভাগের আপিল মামলার চূড়ান্ত রায়ের মাধ্যমে জানা যাবে এ দুই হত্যা-গণহত্যার অভিযোগে যু্দ্ধাপরাধী জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর চূড়ান্ত পরিণতি।