যৌন হয়রানির প্রতিবাদ করায় মা ও দুই সন্তানকে কুপিয়ে জখম

আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১৫:১১
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যৌন হয়রানির প্রতিবাদ করায় বসতবাড়িতে হামলা চালিয়ে মা, মেয়ে ও শিশু সন্তানকে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা।
 
রবিবার দিবাগত রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো, ওই গ্রামের ধলু চন্দ্রের স্ত্রী শশীবালা (৩৫), তার মেয়ে ঝর্ণা রাণী (১৪) ও শিশু সন্তান গোপাল চন্দ্র (৯)। এরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসাধীন রয়েছে।
 
শশীবালা সাংবাদিকদের জানান, তার মেয়ে ঝর্ণা রাণী উপজেলার কোচাশহর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাওয়া-আসার সময় একই গ্রামের মিলন চন্দ্র (২৪) তার মেয়ের পথরোধ করে কুপ্রস্তাব দেয়। সম্প্রতি বিষয়টি ঝর্ণা তার মাকে জানান। তিনি ওই বিষয়টি রবিবার মিলনের মাকে জানান। এতে বখাটে মিলন ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে রবিবার রাতে ঝর্ণা রানীর বাড়িতে হামলা চালিয়ে তাকেসহ সন্তানদের কুপিয়ে আহত করে। এক পর্যায়ে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।  
 
ধলু চন্দ্র জানান, এসময় তিনি বাড়িতে ছিলেন না। খবর পেয়ে বাড়িতে এসে আহত স্ত্রী, মেয়ে ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. সজিব কুমার সরকার জানান, আহতদের শরীরে একাধিক জখমের চিহ্ন আছে। সুস্থ্য হতে কিছুটা সময় লাগবে।
 
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।