ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে কলকাতায় একটি বাড়ির দোতলার ব্যালকনি থেকে লাফিয়ে পড়েছেন এক নারী। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে, মদ্যপ অবস্থায় তিন যুবক ধর্ষণ ও হত্যার হুমকি দেয়ার পর ব্যালকনি থেকে লাফ দেন ওই নারী।
লাফিয়ে পড়ার পর স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। তার কোমর ও বুকে চোট লাগলেও প্রাণ নিয়ে শঙ্কা নেই। পুলিশ জানিয়েছে, যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে ওই নারীর প্রেমিকও রয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, সোমবার আদালতের সামনে উপস্থাপন করা হবে আটকদের। এই তিনজনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা হবে।
২০১২ সালে ভারতের রাজধানী দিল্লিতে ২৩ বছর বয়সী এক মেডিকেল ছাত্রীকে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটে। এর পর থেকেই ভারতে ধর্ষণ একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।
