লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর গ্রামের একটি হাফেজিয়া মাদ্রাসা থেকে ছয় শিক্ষার্থীকে নিয়ে পালিয়েছেন এক শিক্ষক।
এ ব্যাপারে সোমবার দুপুরে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন মাদ্রাসার সভাপতি গোলাম মোস্তফা। এর আগে রোববার রাতে শিক্ষার্থীদের নিয়ে পালিয়ে যান ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. হোসাইন ওরফে জসিম।
জানা গেছে, রোববার রাত আড়াইটার দিকে শিক্ষক জসিম ওই মাদ্রাসার হাফেজ বিভাগের ছাত্র মো. রাসেল (১২), আব্দুল্লাহ (১০), জোবায়ের (১০), মো. মুরাদ (১০), রবিন (১০) ও মনির হোসেনকে (১০) নিয়ে একটি অটোরিকশায় করে পালিয়ে যান। ঘটনার পর থেকে ৬ শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার পর দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসমাঈল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চন্দ্রগঞ্জ থানার এএসআই মো. মাসুদুর রহমান জানান, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অটোরিকশাচালক মো. জসিম উদ্দিনকে আটক করা হয়েছে।
প্রতিষ্ঠানের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘এলাকার মানুষের সহযোগিতায় ২০০৮ সালে এ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। হাফেজ মো. জসিম ছাত্রদের নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা আমরা পুলিশকে জানিয়েছি।’
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরজু জানান, ওই মাদ্রাসার অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার এবং ওই শিক্ষককে গ্রেফতারে অভিযান চলছে।
