সিলেটের এমসি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার দুপুরে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রতন গুপ্ত ও খায়রুল ইসলাম শাহীন নামে দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর অভিযান চালিয়ে এমসি কলেজ থেকে বিপুল পরিমাণ রামদা ও দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শাহপরাণ থানার ওসি নিজাম উদ্দিন জানান, কলেজে আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন ধরে নিপু ও রায়হান পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সোমবার সকাল থেকে কলেজ ক্যাম্পাসে নিপুর পক্ষের নেতাকর্মীরা অবস্থান নেয়। বেলা দেড়টার দিকে রায়হানের পক্ষের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ক্যাম্পাসে প্রবেশ করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
