লেখক-সাহিত্যিকদের ভিড়ে মুখরিত ‘চিহ্নমেলা বিশ্ববাঙলা’

আপডেট : ০৭ মার্চ ২০১৬, ২০:১৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবন চত্তরে লেখক-সাহিত্যিকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে ছোট সাহিত্য পত্রিকা চিহ্ন’র উদ্যোগে ‘চিহ্নমেলা বিশ্ববাঙলা’ প্রাঙ্গন।
 
সোমবার সকাল ১০টায় চিহ্নর ১৬ বছর এবং ঐতিহাসিক ৭ মার্চ বিবেচনায় ১৬টি বেলুন ও ৭টি শান্তির পায়রা উড়িয়ে লেখক-সম্পাদক-পাঠকদের দুই দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যামিরেটস প্রফেসর ড. আনিসুজ্জামান ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন। মেলায় দেশের ও দেশের বাইরে থেকে প্রায় ৩ শতাধিক লেখক-সম্পাদক-প্রকাশক যোগ দিয়েছেন। মেলায় ১১০টি ছোট কাগজের স্টল বসেছে। এ সময় প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, অর্থনীতিবিদ প্রফেসর সনৎ কুমার সাহা, রাবি উপাচার্য প্রফেষর মুহম্মদ মিজান উদ্দিন, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, চিহ্নপ্রধান প্রফেসর শহীদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে লেখক, পাঠক ও সম্পাদকের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
 
উদ্বোধন শেষে বাঙালির চোখে শ্রেষ্ঠ বাঙালি শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘কোন একটি বিষয়কে মানদণ্ড ধরে একাধিক মানুষের শ্রেষ্ঠত্বকে বিচার করা যায় না। যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন কৃতিত্বের জন্য আজ শ্রেষ্ঠ। অনেকের মধ্যে একজনকে শ্রেষ্ঠ বলার মধ্যে আধিপত্যের ধারণা চলে আসে। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ড. মো. শহীদুল্লাহ, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যেকেই তাদের নিজ কৃতকর্মের দ্বারা আজ শ্রেষ্ঠ বাঙালি।’
 
বক্তারা আরো বলেন, পাঁচজন ব্যক্তির শ্রেষ্ঠত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা বিলোপ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রচলন, ড. মো. শহীদুল্লাহর ভাষা সাহিত্যের অবদান, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সাংস্কৃতির অবদান, শেখ মুজিবুর রহমানের দেশ স্বাধীনের ভূমিকাসহ সকলের সমাজ সংস্কারের বিভিন্ন চিত্র তুলে ধরেন। তারা বলেন, এরা প্রত্যেকেই মাটি ঘেঁষা মানুষ, প্রত্যেকেই তার কর্মের দ্বারা শ্রেষ্ঠ বাঙালি।
 
‘চিহ্নমেলা বিশ্ববাঙলা’ শীর্ষক দুদিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনের কর্মসূচিতে বাঙালির চোখে শ্রেষ্ঠ বাঙালি শীর্ষক ‘আড্ডা’ ছাড়াও ছিল ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে ‘মার্চের কবিতা’, লেখক-পাঠক-সম্পাদক শীর্ষক ‘আড্ডা’, কবি কণ্ঠে কবিতাপাঠ ও বাউল গান এবং ভাওয়াইয়া গান আড্ডা।
 
ছোট কাগজের এ মেলায় সোম ও মঙ্গলবার সকাল-সন্ধ্যা বিরতিহীনভাবে চলছে প্রদর্শনী, ক্রয়-বিক্রয় ও মতবিনিময়। রাবি থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা চিহ্ন তৃতীয়বরের মতো এ মেলার আয়োজন করেছে। এর আগে দুইবার ২০১১ সালে ও ২০১৩ সালে এ মেলার আয়োজন করা হয়।