অস্ট্রেলিয়ার সিডনি শহরের উপকণ্ঠে একটি শিল্প এলাকায় গুলিতে তিনজনকে হতাহত করার পর পুলিশি ঘেরাওয়ের মধ্যে থাকা বন্দুকধারী আত্মহত্যা করেছেন।
সোমবার সকালে ওই শিল্প এলাকার একটি কারখানায় বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও অপর দুইজন আহত হন। পরে সশস্ত্র অবস্থায় কারখানাটিতে অবস্থান নেয় সে।
তার মৃত্যুর কিছুক্ষণ আগে কারখানাটি থেকে তিনজন লোক বের হয়ে আসে। তবে তাদের সে জিম্মি করেছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এর কিছুক্ষণের মধ্যে ভবনটিতে পুলিশের একটি গাড়ি প্রবেশ করে। অস্ট্রেলীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে আহত দুজনকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানানো হয়।
এর আগে পুলিশের একজন মুখপাত্র জানান, ঘটনাস্থলে পুলিশের ট্যাকটিক্যাল রেসপন্স টিম ও মধ্যস্থতাকারীরা রয়েছেন এবং তারা কারাখানা ভবনটিতে ঢোকার চেষ্টা করছেন।
গুলির সময় সে স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করেছিল বলে গণমাধ্যমের খবরগুলোতে বলা হয়। লিভারপুল হাসপাতালে ভর্তি আহত দু’জনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্মীরা।
প্রকাশিত ছবিতে ভারী অস্ত্রে সজ্জিত পুলিশকে কারখানা ভবনটি ঘিরে রাখতে দেখা যায়। রাস্তার পাশে ফুটপাতে সাদা শিটে ঢাকা একটি লাশও দেখা যায়। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হলেও পুলিশ বলছে কাজে ‘বিঘ্ন’ সৃষ্টি করার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
২০১৪ সালের ডিসেম্বরে এক বন্দুকধারী নিজেকে ইসলামিক স্টেটের (আইএস) অনুসারী দাবি করে সিডনির একটি ক্যাফেতে ১৭ জনকে জিম্মি করে। ১৬ ঘণ্টা পর পুলিশের অভিযানে দুই জিম্মি ও বন্দুকধারীর মৃত্যুর মধ্য দিয়ে রক্তাক্ত ওই নাটকের অবসান হয়েছিল। সূত্র: রয়টার্স
