আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সোমবার মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে আহত ৪ হয়েছে। এছাড়াও সোমবার বিকালে নোয়াখালীর হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর কর্মী মিরাজ উদ্দিনকে (৪৫) কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন।
আমাদের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজদিখান উপজেলার খাসমহল বালুরচরে গ্রামে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আমিনউদ্দিন চৌধুরী নির্বাচনি প্রচারণায় যান। এ সময় যুবদল নেতা মুক্তার হোসেনের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর তর্কবিতর্কের এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
যুবদল নেতা মুক্তার হোসেন জানান, নিজ গ্রামে প্রচারণা চালাতে এসে দলীয় প্রার্থী কিছুই জানায়নি। বিএনপির প্রার্থী আমিনউদ্দিন চৌধুরী জানান, স্থানীয় আওয়ামী লীগের ইন্ধনে মুক্তারের লোকজন তার প্রচারণায় হামলা চালিয়েছে।
সিরাজদিখান থানার ওসি মো. ইয়ারদৌস হাসান সন্ধ্যায় ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা জানান, সোমবার বিকেল চারটার দিকে বিদ্রোহী প্রার্থী ইয়াছিন আরাফাতে ‘আনারস’ প্রতীকের প্রার্থীর কর্মী মিরাজ উদ্দিনের উপর অতর্কিতে হামলা চালায় নৌকার প্রার্থীর একদল সমর্থক। তাঁরা এ সময় মিরাজকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপতালে ভর্তি করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছিরুল হক জানান, হামলার বিষয়ে তিনি সন্ধ্যা পর্যন্ত কোনো অভিযোগ পাননি। তবে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিনই বিক্ষিপ্ত হামলা-সংঘর্ষের ঘটনা ঘটছে।
