খুলনায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৬:৪০
সরকারি-বেসরকারি নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘অধিকার, মর্যাদায়, নারী-পুরুষ সমানে সমান’ প্রতিপাদ্য নিয়ে বিভাগীয় শহর খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান মঙ্গলবার শোভাযাত্রা, আলোচনা সভা, কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতা, পটগান, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
 
সকাল ১০টায় খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে খুলনা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক দপ্তরের যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরদার আনিসুর রহমান পপলু, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট অলোকা নন্দা দাস। 
 
উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন এবং খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পারভীন জাহান। স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন।
 
এর আগে সকাল নয়টায় শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, দিবসের ওপর পটগান, দুপুরে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, বেলা সাড়ে তিনটায় মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, সাড়ে চারটায় পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
সকাল ৯ টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ খুলনা ইউনিট। সংগঠনের ফোকাল পার্সন মুহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, নারী নেত্রী অধ্যক্ষ রেহানা আখতার, স্থানীয় দৈনিক সময়ের খবরের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, খুলনা পোল্ট্রি ফিশ ফিড ও শিল্প মালিক সমিতির মহাসচিব এসএম সোহরাব হোসেন এবং মানবাধিকার কর্মী মো. আব্দুল হালিম প্রমুখ।