পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরণে নিহত ২

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৬:৪৯
ভারতের পশ্চিমবঙ্গে মঙ্গলবার বোমা বিস্ফোরণে দু’জন নিহত হয়েছে। বোমা তৈরির সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান। এতে অপর এক ব্যক্তি আহত হয়েছেন।
 
পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার ২৩০ কিলোমিটার উত্তরে মুর্শিদাবাদ জেলার একটি গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ রাজ্যে আগামী মাসে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা নির্বাচনের দিন তাদের প্রতিদ্বন্দ্বীদের শক্ত ঘাঁটিতে ভোটারদের ভোট দেয়া থেকে বিরত রাখতে অনেক সময় বোমা পেতে রাখে।
 
মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট সি সুধাকর বলেন, ভরতপুর গ্রামে বোমা তৈরির সময় তা বিস্ফোরিত হলে ওই হতাহতের ঘটনা ঘটে। তিনি বলেন, বিস্ফোরণের সময় সেখানে বিকট শব্দ হয়। তবে সেখানে কয়টি বোমার বিস্ফোরণ ঘটেছে তা তিনি জানাতে পারেননি। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
 
উল্লেখ্য, গত মাসে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দলের স্থানীয় এক নেতার বাড়ি থেকে ৮০টি বোমা উদ্ধার করা হয়। এদিকে নির্বাচনের প্রাক্কালে যেকোন রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে পশ্চিমবঙ্গে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। আগামী মাস থেকে এ রাজ্যে বিভিন্ন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্র: এএফপি