ময়মনসিংহে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ভাই হত্যার দায়ে গতকাল রোববার ১ ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। ২০১০ সালে ময়মনসিংহ জেলার পিলগঞ্জ উপজেলায় এ হত্যাকান্ডটি হয়।
যাবজ্জীবনসহ আদালত আসামীকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো একবছর কারাদন্ড দেয়। এই ঘটনায় অপর চার আসামীকে খালাস দেয় আদালত। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম পরেশ চন্দ্র বসাক । সে গৌরীপুর উপজেলার হতিয়া গ্রামের বাসিন্দা।
মামলার নথিতে দেখা যায়, ২০১০ সালের ২৯ মে আসামী পরেশ বসাকের সঙ্গে তার বড়ভাই কৃষ্ণ চন্দ্র বসাকের বিরোধপূর্ণ এলাকায় চায়ের দোকান নিয়ে বাকবিতন্ড হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে পরেশ ও তার লোকজন কৃষ্ণকে ধারালো অস্ত্রদিয়ে আঘাত করে। সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে নেয়ার পথে কৃষ্ণের মৃত্যু হয়।
এই ঘটনায় কৃষ্ণের ছেলে হরিদান চন্দ্র বসাক গৌরীপুর থানায় পরেশসহ পাঁচ জনকে আসামী করে মামলা দায়ের করে। এরপর, পুলিশ মামলা তদন্ত করে চার্জশিট গঠন করে। সাক্ষী ও প্রমাণ যাচাইয়ের পর অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহরিয়ার কবির এই রায় দেন।
