শাল্লায় কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৮:৪৫
সুনামগঞ্জের শাল্লা উপজেলা থেকে স্মৃতি রানী বৈষ্ণব (১৮) নামে এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভেড়াডহর গ্রামের উঠান থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্মৃতি রানী ভেড়াডহর গ্রামের অনিল চন্দ্র বৈষ্ণবের মেয়ে।
 
জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে ওই কিশোরীর গলাকাটা লাশ উঠানে পড়ে থাকতে দেখে। পরে আশপাশের লোকজন এসে শাল্লা থানায় খবর দেয়। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
 
শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান জানান, কিশোরীর বাবা-মা বলছেন মেয়েটি ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কোন কিছু বলা যাবে না।