চলমান অভিবাসন সঙ্কট মোকাবেলায় নতুন নীতিমালায় একমত হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ও তুরস্ক। ব্রাসেলসে অনুষ্ঠিত অভিবাসন সম্মেলন শেষে তারা জানায়, তুরস্ক থেকে গ্রিসে যাওয়া শরণার্থীদের ফেরত পাঠানো হবে।
এবং প্রত্যেক ফিরিয়ে দেয়া সিরিয়ান অভিবাসীদের জন্য তুরস্কে বসবাস করা একজন সিরিয়ানকে ইউরোপে আশ্রয় দেয়া হবে। এজন্য তুরস্ককে অর্থ সহায়তাও দেয়া হবে।
তবে এখনো এই বিষয়টি চূড়ান্ত নয়। ১৭-১৮ মার্চে অনুষ্ঠিতব্য পরবর্তী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ইইউ এর প্রধানরা জানান এই সঙ্কট মোকাবেলায় শক্ত পদক্ষেপ নেয়া দরকার। এজন্য তারা কিছু প্রস্তাবনা দেয়।
১. তুরস্ক থেকে গ্রিক দ্বীপে যাওয়া সব সিরিয়ান অভিবাসীকে তুরস্কে ফেরত পাঠানো হবে। এবং সেটা হবে সম্পূর্ণ ইইউ এর খরচে।
২. ফেরত পাঠানো প্রত্যেক সিরিয়ানের জন্য তুরস্কে বসবাস করা একজন সিরিয়ানকে ইউরোপে আশ্রয় দেয়া হবে।
৩. ইউরোপে তুরস্কের নাগরিকদের প্রবেশাধিকার বাড়ানো হবে। জুনের পর ভিসা ছাড়াও ভ্রমণ করতে পারবেন তারা।
৪. অক্টোবরে প্রতিশ্রুত ৩ বিলিয়ন পাউন্ড দেয়ার বিষয়টি ত্বরান্বিত হবে। এছাড়া বিষয়টি সঙ্কট মোকাবেলায় তুরস্ককে অর্থ সহায়তা করা হবে।
৫. তুরস্ককে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদ দেয়ার ব্যাপারে পুনরায় আলোচনা শুরু হবে।
এ বিষয়ে ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, অভিবাসন সঙ্কট নিয়ে খুবই স্পষ্ট একটি বার্তা দেয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যেই সবাই একটি সিদ্ধান্তে আসতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেন, ‘যদি এই চুক্তি সফল হয় তবে সেটা হবে এক মাইলফলক।’
তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু বলেন, সঙ্কট সমাধানে তুরস্ক আসলে যুগান্তকারী সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
