চাকরি প্রত্যাশীদের অবরোধে ইবিতে সিন্ডিকেট সভা স্থগিত

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৯:০৬
চাকরি প্রত্যাশীদের আন্দোলনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সিন্ডিকেট স্থগিত করা হয়েছে। মঙ্গলবার তারা প্রশাসন ভবনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের অফিস থেকে বের দিয়ে ভিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এতে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফসহ ভিসি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বহিরাগত চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান টিটু, মোহাম্মদ আলী শিমুল, মাহবুব হোসেন, আশিকুর রহমান জাপান, ও রাসেল জোয়ার্দ্দারের নেতৃত্বে ২০/২৫ জন বহিরাগত প্রশাসন ভবনে প্রবেশ করে। এ সময় তারা কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দপ্তর থেকে বের করে দিয়ে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে। দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করে। পরে বিকেল ৪টার দিকে আগামী ১১ তারিখে অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণায় অবস্থান কর্মসূচি প্রত্যাহার করলে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারসহ অবরুদ্ধরা অফিস ত্যাগ করেন।