রাজধানীতে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৯:২৯
রাজধানীর ভাটারা ও গেন্ডারিয়ায় এলাকায় মঙ্গলবার দুই শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন- আবদুল হক (৭০) ও মিরাজ (২৫)। এদের মধ্যে ভাটারা এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ইট পড়ে আবদুল হক মারা গেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আবদুল হকের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার সোহেলা গ্রামে। 
 
এদিকে রাজধানীর গুলশান থানা পুলিশ এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অপরদিকে দুপুর সাড়ে ১২টার দিকে গেন্ডারিয়ায় রজনী চৌধুরী রোডে মনীষা স্কুল সংলগ্ন একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের চারতলা থেকে পড়ে যান মিরাজ।
 
নিহত আবদুল হকের স্ত্রী রাবেয়া বলেন, ভাটারা নূরের চালা বাজার এলাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন তাঁর স্বামী আবদুল হক। ইট নিয়ে ওপরে ওঠার সময় একটি ইট তাঁর ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে অন্য শ্রমিকরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 
 
এদিকে নিহত মিরাজের সহকর্মী সাহাবুদ্দীন জানান, গেন্ডারিয়ায় রজনী চৌধুরী রোডে মনীষা স্কুল সংলগ্ন একটি নির্মাণাধীন ১০ তলা ভবনে মিরাজসহ তারা রাজমিস্ত্রির কাজ করছিলেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মিরাজ চারতলা থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসকেরা মিরাজকে মৃত ঘোষণা করেন।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ময়নাতদন্তের জন্য দুইজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।