'পরিবারের সকল বিষয়ে নারী ও পুরুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে'

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ২১:৪৫
'পরিবারের সকল বিষয়ে নারী ও পুরুষ উভয়ের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধে নারীদেরকেই সংগঠিত হতে হবে।' সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ও রোকেয়া স্মরণ- ২০১৬ অনুষ্ঠানে বক্তৃতাকালে এই কথা বলেন।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে ক্যাম্পাসের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আলোচনায় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, বেরোবি উপাচা‡র্যর সহধর্মিনী মিসেস গুল নাহার নবী, বেরোবি এর কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সাইদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. নাজমুল হক এবং উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবীর প্রমুখ বক্তৃতা করেন।
 
রাশেদা কে চৌধুরী দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে ও উন্নয়নে নারীর অবদানের কথা তুলে ধরে আরো বলেন, 'বাংলাদেশ সম্ভাবনার দেশ। এদেশের নারীরা ঘর গোছানো থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সবই করতে পারে। এভারেস্ট শৃঙ্গ বিজয়ের মতো কঠিন কাজ জয় করে এদেশের নারীরা প্রমাণ করেছেন নারীরাও পারেন। সুতরাং নারীদেরকেই ঘুরে দাঁড়াতে হবে।'
 
অনুষ্ঠানে অতিথিদেরকে উত্তরীয় ও সম্মননা স্মারক প্রদান করা হয়। এর আগে সকাল ১০টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।