ঠাকুরগাঁওয়ে ব্যাংকের নৈশ্যপ্রহরীকে গলা কেটে হত্যা

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ২২:৪১
ঠাকুরগাঁও সদর উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফাড়াবাড়ি শাখার নৈশ্যপ্রহরী রবিউল ইসলামকে (২৬) গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।
 
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। রবিউল ইসলাম ওই ব্যাংক শাখার পাশের গ্রাম বড়বালিয়া এলাকার আব্দুল হামিদের ছেলে।
 
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ব্যাংকের ভেতরে হট্টগোল শুনে কয়েকজন নারী বাইরে থেকে জানতে চান ভেতরে কী হচ্ছে। এ সময় ভেতর থেকে জানানো হয় পারিবারিক সমস্যা। এ ঘটনার কিছুক্ষণ পর সেখানে চুপচাপ হয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা ওই নৈশ্যপ্রহরীকে খুন করে ব্যাংকের টয়লেটের টিনশেড ভেঙে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে।
 
ঠাকুরগাঁও থানা পুলিশের অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, পুলিশ তদন্ত করছে। পূর্বশত্রুতার জেরে খুন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।