সৌদি আরবে মাদক পাচারের দায়ে এক ব্যক্তির শিরশ্ছেদ

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ২২:৪০
সৌদি আরব মঙ্গলবার মাদক পাচারের দায়ে এক নাগরিকের শিরশ্ছেদ করে মৃত্যুদন্ড কার্যকর করেছে । এ নিয়ে চলতি বছরে দেশটিতে এ পর্যন্ত ৭১ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হলো। ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
 
এ বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলীয় তাবুক এলাকায় আবদুল্লাহ রওয়াইলি নামের এ সোদি নাগরিকের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। সৌদি আরবে বেশিরভাগ মৃত্যুদন্ডই কার্যকর করা হয় ধারালো তরবারি দিয়ে শিরশ্ছেদের মাধ্যমে।
 
এএফপির এক পরিসংখ্যান অনুসারে, ২০১৫ সালে সৌদি আরবে ১৫৩ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়। তাদের অধিকাংশের বিরুদ্ধে মাদক পাচার ও খুনের অভিযোগ প্রমাণিত হয়।
 
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সৌদি আরবে গত বছর মৃত্যুদন্ড কার্যকরের সংখ্যা গত দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি।