‘ওবামার সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর’

আপডেট : ০৯ মার্চ ২০১৬, ০৩:১৩
চলতি মাসের শেষের দিকে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাত্ করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি তিনি ওয়াশিংটন সফরও বাতিল করেছেন বলে সোমবার জানিয়েছে হোয়াইট হাউস।
 
যুক্তরাষ্ট্র সফর বাতিলের সিদ্ধান্তের মাধ্যমে ওবামার সঙ্গে তার বিরূপ সম্পর্কের সর্বশেষ অধ্যায়টি তুলে ধরলেন নেতানিয়াহু। গত বছর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের সঙ্গে করা আন্তর্জাতিক পরমাণু চুক্তি নিয়ে ওবামার সঙ্গে গভীর মতপার্থক্য ছিল নেতানিয়াহুর। সেই মতপার্থক্যের জেরই প্রকাশ পেল তার এ সিদ্ধান্তে। হোয়াইট হাউস জানিয়েছে, ১৮ বা ১৯ মার্চ ওবামার সঙ্গে নেতানিয়াহুর বৈঠক আয়োজনের জন্য অনুরোধ করেছিল ইসরাইলি সরকার। দুই সপ্তাহ আগে ১৮ মার্চ বৈঠকটি করার প্রস্তাব দেয়া হয়। এই বৈঠকের আয়োজন করার ব্যস্ততার মধ্যেই গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে হোয়াইট হাউস জানতে পারে ওয়াশিংটন সফর বাতিল করেছেন নেতানিয়াহু। এক ই-মেইল বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র নেড প্রাইস বলেন, দ্বিপাক্ষিক এই বৈঠক আয়োজনের বিষয়টি এগিয়ে নেয়ার সময় গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে প্রথম জেনে বিস্মিত হই যে, তিনি আমাদের প্রস্তাব গ্রহণ করার বদলে সফরই বাতিল করেছেন। ‘প্রধানমন্ত্রীর সফরসূচিটি যে অর্থহীন বিষয়ে পরিণত হয়েছে প্রতিবেদনগুলো দেখার পরও সেটি মেনে নিতে পারছিলাম না আমরা।’ সফর বাতিল করা নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাত্ক্ষণিকভাবে কোনো কিছু বলা হয়নি।
 

কিছুদিন ধরে কয়েকশ’ বিলিয়ন ডলারের ১০ বছরব্যাপী এক প্রতিরক্ষা সহায়তা চুক্তির বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ মিত্র ইসরাইলের দরকষাকষি চলছে। এমন একটি সময়েই যুক্তরাষ্ট্র সফর বাতিল করলেন নেতানিয়াহু। আগামী ২১ ও ২২ মার্চ ওবামা কিউবার রাজধানী হাভানা সফরের পরিকল্পনা করেছেন বলে এক ঘোষণায় জানিয়েছে হোয়াইট হাউস।