বান্দরবানে দুই জমজ ভাই অপহৃত

আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১২:৩১
 
বান্দরবানের লামায় দুই জমজ ভাইকে অপহরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে কালির ঝিরি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
 
অংনাইংচি মার্মা(১৩) ও অংনাইং চো(১৩) মার্মা নামের ঐ দুই ভাই উহলামং মার্মার জমজ ছেলে। তারা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছোটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
 
ছোট পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাজেদা আক্তার জানিয়েছেন, বিকাল সোয়া চারটায় বিদ্যালয় ছুটি হয়। ছুটির ১০ মিনিট পরই অপহরণের খবর পান।
 
শিশুদের পিতা উহ্লামং মার্মা জানিয়েছেন, আমার ছেলেদের অক্ষত অবস্থায় ফেরত চাই। এ জন্য যা করা দরকার আমি করবো। অপহরণকারীরা মোবাইল ফোনে ১ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
 
স্থানীয় ইউপি মেম্বার আপ্রুচিং মার্মা জানিয়েছেন, শিশুদের পরিবারের সাথে অপহরণকারীরা মোবাইলে যোগাযোগ করছে। তবে তাদের অবস্থান জানায়নি।
 
লামা থানা অফিসার ইনচার্জ ইকবাল হোসেন অপহরণ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন অপহূত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ শিশুদের উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।