লক্ষ্মীপুরের ৬ শিক্ষার্থী চাঁদপুরে উদ্ধার, শিক্ষক আটক

আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১৩:১৩
 
লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘুলী ইউনিয়নের রহমানিয়া তালিমুল কুরআন কাওমী মাদ্রাসার হাফেজ বিভাগের ছয় শিশু শিক্ষার্থীকে চাঁদপুর থেকে উদ্ধার করা হয়েছে। এসময় শিশুদের নিয়ে ‘পালিয়ে যাওয়া’ মাদ্রাসা শিক্ষক মো. হোসাইন ওরফে জসিমকে আটক করে পুলিশ।
 
মঙ্গলবার বিকালে চাঁদপুরের দক্ষিণ মতলব থানার গোবিন্দপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে ঐ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
 
তারা হলো- রাসেল (১২), আবদুল্লাহ (১০), জোবায়ের হোসেন (১০), মুরাদ (১০), রবিন (১০) ও মনির হোসেন (১০)।
 
চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই পুষ্প বিহার চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে চাঁদপুরের মতলব থেকে ছয় শিশু শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এসময় শিক্ষক জসিমকে আটক করা হয়। রাতে শিক্ষার্থীদের এবং আটক মাদ্রাসা শিক্ষককে নিয়ে চাঁদপুর থেকে লক্ষ্মীপুরে নিয়ে আসা হয়েছে।
 
উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাত দুইটার দিকে ছয় শিশু শিক্ষার্থীকে নিয়ে শিক্ষক জসিম পালিয়ে যায়। এ ব্যাপারে গত সোমবার চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ করা হয়। এরপর থেকে পুলিশ শিশুদের উদ্ধার ও শিক্ষককে আটক করতে তত্পরতা চালায়।