আবারও কর্মী ছাঁটাইয়ের আভাস দিয়েছে গুগল

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২০:৩১

মিরাজুল ইসলাম

 

বিভিন্ন সময়ে কর্মী ছাঁটাই করেছে সার্চ জায়ান্ট গুগল। সম্প্রতি আবারও কর্মী ছাঁটাইয়ের আভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এবার সব বিভাগ থেকে কর্মী ছাঁটাই করবে না তারা। শুধু ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটার বিভাগে যারা কর্মরত রয়েছে তাদের উদ্দেশে অন্যত্র চাকরি খুঁজতে বলা হয়েছে। এ বিষয়ে বিজনেস ইনসাইডারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে , চাকরি হারানোর সম্ভাবনায় রয়েছে ক্রিয়েট গ্রুপের হার্ডওয়্যার প্রকৌশলী, টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার এবং এ টিমের বিভিন্ন প্রোগ্রাম ম্যানেজারের সহযোগীরা। পাশাপাশি গ্রুপের আওতাধীন একাধিক প্রকল্পও বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার। তবে কতসংখ্যক গুগল কর্মী এ ধাপে চাকরি হারাতে যাচ্ছে তা উল্লেখ করা হয়নি। আর গুগল যে উচ্চাভিলাষ নিয়ে হার্ডওয়্যারের বাজারে এসেছিল, সেটারই বা কী হবে, সে ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি গুগল কর্তৃপক্ষ।

২০১৩ সালে ক্রমবুক পিক্সেল দিয়ে প্রথম হার্ডওয়্যারের বাজারে আসে গুগল। এটিই ছিল পিক্সেল সিরিজের প্রথম পণ্য। ওয়েবভিত্তিক অপারেটিং সিস্টেম চালিত সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডির এ ল্যাপটপটির ডিজাইন ম্যাকবুকের মতো ছিল। এর পর পরই আইপ্যাডের বিকল্প হিসেবে বাজারে আসে পিক্সেল সি এবং আইফোনের সঙ্গে টেক্কা দিতে আসে পিক্সেল ফোন।

পিক্সেল ব্র্যান্ডের পণ্যগুলো দিয়ে গুগল বারবার বলার চেষ্টা করেছে, ক্রম ও অ্যান্ড্রয়েড ডিভাইস হতে পারে অ্যাপলের প্রিমিয়াম ডিভাইসগুলোর বিকল্প।

গুগল সাম্প্রতিক সময়ে জনবল কমানোর প্রক্রিয়া শুরু করেছে। সর্বশেষ ক্রিয়েট গ্রুপের বেশ কয়েকজন কর্মীকে ‘অস্থায়ী অ্যাসাইনমেন্ট’ হিসেবে কোম্পানিরই অন্য বিভাগে কাজ করতে বলা হয়। তাদের পরে আবার ক্রিয়েট গ্রুপে ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দেওয়া হয়। বিজনেস ইনসাইডার জানিয়েছে, এরই মধ্যে অনেকে কোম্পানির স্মার্টফোন হার্ডওয়্যার বিভাগে কাজ করতে শুরু করেছেন।

একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, ক্রিয়েট গ্রুপে কর্মীদের বড় একটি দল কাজ করে। এখন কর্মী কমানোর ফলে এ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট পণ্যের পোর্টফোলিওতেও নেতিবাচক প্রভাব পড়বে।

গুগলের পিক্সেল ল্যাপটপ ও ট্যাবলেটগুলো শুরু থেকেই বাজারে ভোক্তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে যাচ্ছে। তবে এখনো সেভাবে সুবিধা করে উঠতে পারেনি। প্রথম ক্রমবুক পিক্সেলের দাম ছিল ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪৫০ মার্কিন ডলার। অথচ অ্যাপলের প্রথম মডেলের ম্যাকবুক এয়ারের দাম ছিল ১ হাজার ১ শ’ ডলার।