মিসিসিপি ও মিশিগানেও জয় পেলেন ট্রাম্প

আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১৫:১৬
আরো দুটি অঙ্গরাজ্য, মিসিসিপি এবং মিশিগানে জয় পেয়ে আরো এগিয়ে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। বিবিসি বলছে, ডেমোক্রেট দলের এগিয়ে থাকা মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন মিসিসিপি প্রাইমারিতে জয় পেয়েছেন, কিন্তু মিশিগানে তিনি প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের শক্ত চ্যালেঞ্জের মোকাবিলা করছেন। 
 
মঙ্গলবার ওই দুটি অঙ্গরাজ্যের পাশাপাশি আইডাহো ও হাওয়াইয়েও রিপাবলিকান শিবিরে ভোটাভুটি হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ভোট গ্রহণ চলছিল। এই চারটি রাজ্যের ফলাফলেই অনেকটা স্পষ্ট হয়ে যাবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে কে হতে যাচ্ছেন রিপাবলিকান দলীয় প্রার্থী। ফ্লোরিয়ায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যে বিষয়টি নিয়ে আমি অত্যন্ত সন্তুষ্ট তা হল, ভোট পড়ার হার, ব্যাপক ভোট পড়ছে। এটা আজকের রাজনীতিতে সবচেয়ে বড় একক ঘটনা।
 
তিনি আরো বলেন, একমাত্র আব্রাহাম লিঙ্কন ছাড়া অন্য যে কারো চেয়ে বেশি প্রেসিডেন্টসুলভ হবেন তিনি এবং কেউ তার চেয়ে বেশি ‘রক্ষণশীল’ না। বহিরাগত রিপাবলিকান’ হলেও মিশিগান ও মিসিসিপিতে জয় পাওয়ায় ট্রাম্পের প্রচারণা আরো গতিশীল হয়েছে। এতে রিপাবলিকান দলে ট্রাম্পবিরোধী শক্তিশালী অংশটি চাপে পড়ে যাচ্ছে। আগামী সপ্তাহে গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা রয়েছে। তার আগেই ট্রাম্পকে থামানোর রাস্তা বের করতে হবে তাদের।
 
১৫ মার্চ ওহিও, ফ্লোরিডা, ইলিনয়, মিজৌরি এবং নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকান প্রার্থী নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। মিশিগানের মতো এ রাজ্যগুলোতেও প্রচুর রিপাবলিকান ডেলিগেট আছেন। আসছে জুলাইয়ে দলটির জাতীয় সম্মেলনে এসব ডেলিগেটরাই দলের প্রার্থী বাছাই করবেন। বিবিসি।