ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে ইরান

আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১৬:৪৬
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অব্যাহত রেখেছে ইরান। বুধবার দেশটি এ ধরনের আরও দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর একদিন আগেই দেশের বিভিন্ন স্থান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল ইরান।
 
যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে দেশটি। গত জানুয়ারিতে ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণ দেখিয়ে একগুচ্ছ অর্থনৈতিক অবরোধ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।
 
ইরানের রিভ্যুলিউশনারি গার্ডসের উপ-প্রধান জেনারেল হোসেন সালামির উদ্ধৃতি দিয়ে সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দূরপাল্লার কদর-এইচ ও কদর-এফ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। এ ক্ষেপণাস্ত্র ১ হাজার ৪শ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। সূত্র: বিবিসি