রাজধানীর রামপুরা বনশ্রীতে ভাই-বোন হত্যা মামলায় মাহফুজা মালেককে দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। বুধবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক লোকমান হেকিম মাহফুজার ১০ দিন রিমান্ডের আবেদন জানিয়ে সিএমএম আদালতে পাঠায়। আদালত শুনানি শেষে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে মাহফুজা মালেক প্রথম দফায় ৫ দিনের রিমান্ডে ছিল যা মঙ্গলবার শেষ হয়।
মাহফুজা মালেক নিজ হাতে তার দুই সন্তান নুসরাত আমান ও আলভী আমানকে খুন করে বলে জানায় র্যাবকে। ৫ দিনের রিমান্ড চলাকালে পুলিশকেও সে একই কথা বলে। সর্বশেষ বিষয়টি তদন্তের জন্য ডিবির কাছে প্রেরণ করা হয়। ডিবির পক্ষ থেকে রিমান্ড চেয়ে জানানো হয়, বিষয়টির সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না, তা জানতে দ্বিতীয় দফায় রিমান্ড আবেদন করা হয়েছে।
এর আগে গত ২৯ ফেব্রুয়ারি মারা যায় নুসরাত আমান ও আলভী আমান। তাদের মৃত্যুর জন্য প্রথমে চাইনিজের খাবারকে দায়ী করে বাবা-মা। কিন্তু শেষ পর্যন্ত ময়নাতদন্তে জানা যায়, খুন করা হয়েছিল তাদের। র্যাবের জিজ্ঞাসাবাদে খুনের বিষয়টি প্রথম স্বীকার করেন মাহফুজা।
