'শুধু পরীক্ষায় ভাল ফলাফল করে দেশের কল্যাণ সাধন সম্ভব নয়'

আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১৮:৩৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সুনাগরিক ও প্রজ্ঞাবান মানুষ হিসাবে নিজেদের গড়ে তুলতে অবিরাম আত্মশুদ্ধির চর্চা চালিয়ে যাওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
 
তিনি বুধবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয় আইন অনুষদ, জীব বিজ্ঞান অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১ম বর্ষ সম্মান শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান।
 
ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এই অনুষ্ঠানের আয়োজন করে। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. শাহীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. তাসলিমা মনসুর, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: ইমদাদুল হক, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
 
উপাচার্য 'শিক্ষাই আলো' স্লোগানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিশন স্টেটমেন্ট হিসাবে উল্লেখ করে বলেন, 'শিক্ষার্থীদের অবশ্যই শিক্ষার আলোয় আলোকিত হতে হবে এবং সমাজ তথা বিশ্বে সেই আলো ছড়িয়ে দিতে হবে। শুধু সার্টিফিকেট অর্জন বা পরীক্ষায় ভাল ফলাফল করে দেশের কল্যাণ সাধন সম্ভব নয়। এজন্য তাদের ভাল মানুষ হতে হবে।'