তাড়াহুড়ো করে রেললাইন পার হতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের

আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১৮:৫৫
মোটরসাইকেল নিয়ে তাড়াহুড়ো করে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় শাহ রওশন জামিল (৩৯) নামে এক শিক্ষক মারা গেছেন।
 
বুধবার সকালে রাজধানীর খিলক্ষেতে এ দুর্ঘটনা ঘটে। এদিকে কাকরাইলে বাসের ধাক্কায় দুই শিক্ষকসহ তিনজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
 
ঢাকা রেলপথ থানার ওসি আবদুল মজিদ বলেন, সকাল ৯টার দিকে খিলক্ষেতের বনরূপা রেলত্রক্রসিং পার হওয়ার চেষ্টা করছিলেন রওশন জামিল। তখন ট্রেন যাওয়ার জন্য লেভেল ক্রসিং বার (যান চলাচল প্রতিবন্ধক) নামানো ছিল। এ কারণে সব যানবাহন থেমে ছিল। কিন্তু রওশন জামিল হঠাৎ বার উঁচু করে মোটরসাইকেল নিয়ে রেললাইনের ওপর চলে যান। ঠিক তখনই কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া ‘রংপুর এক্সপ্রেস’ট্রেনটি তাকে ধাক্কা দেয়। মোটরসাইকেলসহ ছিটকে পড়েন রওশন। ট্রেন চলে যাওয়ার পর আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খিলক্ষেতের লেকসিটি এলাকার একটি বাসায় স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকতেন রওশন। তার গ্রামের বাড়ি নড়াইলের লোহগড়ার লক্ষীপাশা এলাকায়। তার বাবার নাম শাহ জাহাঙ্গীর আলম। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ। 
 
এদিকে দুপুরে কাকরাইলে নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দুই শিক্ষকসহ তিনজন আহত হয়েছেন। তারা হলেন-শিক্ষক ইয়াকুব আলী, শাহিনূর পারভেজ ও রিকশাচালক আবু হানিফ। দুর্ঘটনায় দায়ী বাসটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।
 
রমনা থানা পুলিশ ও ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, আজেমরী গ্লোরী পরিবহনের একটি বাস দুপুর সোয়া ১টার দিকে রাজমনি ঈশা খাঁ হোটেলের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি প্রথমে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটি ও পরে সামনের একটি রিকশায় ধাক্কা দিলে দুই শিক্ষকসহ তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ও পরে ঢামেক হাসপাতালে নেয়া হয়।