পাবনা বেড়ার কাশীনাথপুর মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মঞ্জুর আলম (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
বুধবার দুপুর ৩টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। মঞ্জুর আলম বেড়া উপজেলার রতনগঞ্জ গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে ও বেড়ার মাসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চলতি মেয়াদের মেম্বার (সদস্য) ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্জুর আলম মোটরসাইকেলে বেড়া থেকে কাশীনাথপুর যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় অপর মোটরসাইকেলচালক সানোয়ার হোসেন (২৫) আহত হন। তিনি বেড়া উপজেলার কুশিয়ারা গ্রামের লুকাই প্রাং এর ছেলে।
কাশীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
