‘চ্যালেঞ্জটা আমার নিজের সাথে ছিল’

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২০:৫২

বিনোদন রিপোর্ট

 

সঙ্গীতাঙ্গনে আরেফিন রুমির জনপ্রিয়তা নতুন করে বলার কিছু নেই। তবে ক্যারিয়ারে অন্যতম সময়ে হঠাত্ বিরতিতে চলে যান এই সঙ্গীতশিল্পী। মাঝে আবারো ফেরার কথা থাকলেও পাওয়া যায়নি তাকে। তবে এবার সেই বিরতি কাটালেন। নতুন গান প্রকাশ করলেন রুমি। তবে একটি বা দুটি নয়, পর পর ১০টি গান প্রকাশ করলেন এই সঙ্গীতশিল্পী। সবগুলো গানের কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন রুমি নিজেই। গানগুলো প্রকাশ করেছেন নিজের নামে খোলা একটি ইউটিউব চ্যানেলে। নিজের স্থিরচিত্র গানগুলোর ভিডিও সাজিয়েছেন। মাঝে অস্ট্রেলিয়ায় একটি স্টেজ শোতে অংশ নেন রুমি। সেখানে শো শেষে বেশ কয়েকদিন ঘুরে বেড়ান। সেখান থেকে মূলত গানে ফেরার পরিকল্পনা করেন। এরপর দেশে ফিরেই গানগুলো তৈরি করেন। রুমি বলেন, ‘অস্ট্রেলিয়ার সফরটা আমার জন্য ভালো একটা সময় ছিল। সেখান থেকেই গানের উপলব্ধি আসে। এরপর পরিকল্পনা করে গানগুলো করেছি। এটি একটি চ্যালেঞ্জ ছিল আমার জন্য। তবে চ্যালেঞ্জটা আমার নিজের সাথে ছিল।’