আমিরাতে ঝড় ও শিলাবৃষ্টিতে জনজীবন অচল

আপডেট : ০৯ মার্চ ২০১৬, ২১:৩৯
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, আল আইন, দুবাইসহ ৭ টি প্রদেশে শিলা বৃষ্টির সাথে ধমকা হাওয়ায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। রাস্তার পাশের গাছ উপড়ে অনেক গাড়ি বিনষ্ট হয়েছে। রাস্তার উপর পানি জমে যাওয়ায় গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে সেখানে।
 
রাজধানী আবুধাবি, দুবাই,শারজাহ, ফুজাইরায়, আল-আইন ও বেদা জায়েদ থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আবুধাবির স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে বুধ ও বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে। বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে অনেক সবজি ক্ষেত নষ্ট হয়েছে বলে স্থানীয় কৃষকেরা দাবী করেছেন।
IMG0
IMG1
আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার শুরু হওয়া এই বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত স্থায়ী হতে পারে। উল্লেখ্য, আমিরাতে নিয়মিত বৃষ্টি হয় না। তবে শীতকালে সামান্য বৃষ্টিপাত হয়।
 
বিপর্যস্ত হয়ে পড়ায় শহরের অনেক গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সাময়িক বন্ধ রয়েছে। আবুধাবি বিমান বন্দরের নিয়মিত ফ্লাইটগুলো বিলম্বে ছেড়েছে। আমিরাতের পশ্চিম জোনে শ্রমিকদের বসবাসের জন্য নির্মিত অনেক ক্যাম্প ঝড়ে দুমড়ে মুচড়ে গেছে।
 
ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আবুধাবি, মোসাফফাহ, বেদাজায়েদসহ পশ্চিমাঞ্চল। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। অনেক সড়ক দুর্ঘটনা ঘটলেও এখন পর্যন্ত মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি।