‘পার্শ্ব বা খলনায়ক চরিত্রে আমি আর অভিনয় করতে চাই না’

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২০:৫৩

তাসকিন আহমেদ। সম্প্রতি ‘যদি একদিন’ সিনেমা দিয়ে আবারো আলোচনায় এই অভিনেতা। ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার পর আবারো নেতিবাচক চরিত্রে দেখা গেল তাকে। সিনেমায় অভিজ্ঞতা ও ইন্ডাস্ট্রিতে  নিজের ক্যারিয়ারের বিভিন্ন প্রসঙ্গে কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাত্কার নিয়েছেন নাজমুল হাসান, ছবি তুলেছেন তন্ময় মির্জা

‘ঢাকা অ্যাটাক’-এ খলনায়ক চরিত্রে অভিনয়ের পর ‘যদি একদিন’ সিনেমাতে আপনাকে ভিন্নভাবে দেখেছেন দর্শকরা। প্রতিক্রিয়া কেমন ছিল?

খলনায়ক চরিত্রে আমি কখনো অভিনয় করতে চাইনি। আর স্বাভাবিক জীবনেও আমার সাথে এ রকম চরিত্রের কোনো মিল নেই। তবে আমার কাছে অভিনয় করাটা মূল বিষয়। ‘যদি একদিন’ সিনেমাতে নতুনরূপে কাজ করায় দর্শকরা বেশ ভালো প্রতিক্রিয়া জানিয়েছেন। দর্শকদের ভালোলাগাই আমার ভালোলাগা। এ জন্যই আসলে কাজ করি।

 

দুটি ছবিতেই প্রথম অর্ধেকের পর স্ক্রিনে আপনাকে দেখা গেছে, সময়ের কারণে চরিত্রের গুরুত্ব কম পেয়েছে মনে করেন?

আমি বলবো অভিনয়ের খেলাটা খেলতে পারাটাই সবচেয়ে গুরুত্বের। ক’জন ভালো অভিনেতা তার অভিনয় দিয়ে যেকোনো সময় দর্শকের মন জয় করার ক্ষমতা রাখেন। তাই আমার কাছে সময়ের চেয়ে চরিত্রের গুরুত্বটা বেশি।

 

নায়ক হিসেবে দর্শকরা আপনাকে কবে দেখবে?

আমি সবসময় চেয়েছি মূল চরিত্রে অভিনয় করতে। পার্শ্ব বা খলনায়ক চরিত্রে আমি আর অভিনয় করতে চাচ্ছি না। বেশকিছু নতুন প্রজেক্টে সাইন করেছি। আশা করি খুব শিগগিরই দর্শকদের জন্য একটি চমক রাখতে পারবো।

 

বেশিরভাগ সময় অস্ট্রেলিয়াতে থাকেন। সিনেমা ও সেখানকার ব্যস্ততা ব্যালেন্স করেন কীভাবে?

ব্যবসার জন্য আমাকে বেশিরভাগ সময় অস্ট্রেলিয়াতে থাকতে হয়। সেখানের শিডিউল বেশ ধরা বাঁধা। অনেক ব্যস্ততার ভেতরে থাকতে হয়। তবুও অভিনয়কে ভালোবাসার খাতিরে সব কষ্টের কথা ভুলে যাই।

 

দেশের কোন নায়িকার সাথে কাজের ইচ্ছে রয়েছে?

আমাদের দেশে অনেক ভালো অভিনেত্রী রয়েছেন। কারো কাজই খারাপ নয়। তবে বিদ্যা সিনহা মীম, তিশা এই দু’জনের অভিনয়ে আমি মুগ্ধ। এই দু’জনের সাথে কাজ করতে পারলে ভালো লাগবে।

 

শাকিব খান, তাহসান, আরেফিন শুভ তিনজনের সাথে কাজ করলেন। আপনার কাকে সব থেকে বেশি ভালো লেগেছে?

শাকিব খান দেশের শীর্ষ তারকা এটা সবারই জানা। এছাড়া আরেফিন শুভ, তাহসান তারা দু’জনও বেশ ছন্দে রয়েছেন। এই মানুষগুলোর সাথে কাজের অভিজ্ঞতা বেশ ভালো।