আশুগঞ্জের ৭ বিদ্রোহী প্রার্থীকে সাময়িক বহিস্কার আওয়ামী লীগের

আপডেট : ১০ মার্চ ২০১৬, ১১:৩২
 
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের দল থেকে সাময়িক বহিস্কার কার হয়েছে। দলের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আহ্বান জানানো হলেও তারা নির্ধারিত সময়ে মনোয়নপত্র প্রত্যাহার না করায় দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের সাময়িক বহিস্কার করা হয়েছে।
 
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কৃতরা হলেন -চরচারতলা ইউনিয়নে আশুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক জিয়া উদ্দিন খন্দকার, দূর্গাপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সদস্য জাকির হোসেন বাদল, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন মাজু, আড়াইসিধা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য কামরুল হাসান মোবারক, শরীফপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য তাজুল ইসলাম, লালপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবুল খায়ের ও তারুয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাদল সাদির।
 
আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে তাদেরকে সাময়িক বহিস্কার করে জেলা আওয়ামী লীগ বরাবর চিঠি দেয়। জেলা আওয়ামী লীগ তাদেরকে দলের সকল পদ ও কার্যক্রম থেকে তাদের স্থায়ীভাবে বহিস্কারের জন্য কেন্দ্রে অনুরোধ করা হয়েছে।
 
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, আশুগঞ্জ উপজেলার মতো জেলার সকল উপজেলার সকল ইউনিয়নের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধেই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।