সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত ৩০ জন দপ্তরি দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পেয়ে প্রতিবাদে উপজেলা শিক্ষা অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার সকালে এ ঘটনার পর শিক্ষা অফিসের সকল কাজকর্ম বন্ধ হয়ে যায়। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।
দপ্তরিদের সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম জানান, এক বছর আগে নিয়োগ পাওয়া এ সমস্ত কর্মচারী বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। মাসের পর মাস শিক্ষা অফিসে ধর্না দিয়েও কোনো লাভ হয়নি। শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলী বিষয়টি আমলে না নিয়ে নানা তালবাহানা করে তাদের হয়রানি করে আসছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
