রাজশাহীর বাঘা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্রী শামিমা খাতুন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শামিমা উপজেলার বানিয়া পাড়া গ্রামের হায়দার আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার বানিয়াপাড়া এলাকা দিয়ে বালুবাহী একটি ট্রাক বাঘা আসছিল। এ সময় ওই গ্রামের স্কুলছাত্রী শামিমা (১০) দৌঁড় দিয়ে রাস্তা পার হতে গিয়ে ওই ট্রাকের ধাক্কায় জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে তাৎক্ষণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহামুদ বলেন, ‘ঘটনাটি শুনেছি। যেহেতু রামেক হাসপাতালে মারা গেছে, সেহেতু প্রাথমিক অবস্থায় এ বিষয়ে জেলার রাজপাড়া থানায় একটি ইউডি মামলা হবে।’
