ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে নৈতিকতাবোধে উদ্বুদ্ধ হওয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার আর.সি. মজুমদার আর্টস মিলনায়তনে ঢাবি'র নৈতিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে 'দর্শনের আন্তঃবিষয়ক সম্পর্ক ও মানবকল্যাণ' শীর্ষক দুদিন ব্যাপী কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।
বক্তৃতাকালে আরেফিন সিদ্দিক বলেন, 'শিক্ষার লক্ষ্য শুধু সার্টিফিকেট অর্জন বা পেশাজীবী হওয়া নয়। এর মূল লক্ষ্য মানব কল্যাণ।' তিনি শিশু হত্যাসহ সামাজিক নানা চিত্র তুলে ধরে বলেন, 'মানবিক মূল্যবোধে জাগ্রত হয়ে এসব সামাজিক ব্যাধি দূর করতে হবে।'
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়াউর রহমান এবং দর্শন বিভাগের অধ্যাপক ড. জসীম উদ্দীন প্রবন্ধ উপস্থাপন করেন।
আলোচনায় অংশ নেন দর্শন বিভাগের অধ্যাপক ড. নাইমা হক এবং ক্রিমিনোলজি বিভাগের প্রভাষক খন্দকার ফারজানা রহমান। স্বাগত বক্তব্য দেন নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক ও দর্শন বিভাগের ইউজিসি অধ্যাপক ড. গালিব আহসান খান।
