বেক্সিমকো আনছে দেশের প্রথম ডিটিএইচ ব্র্যান্ড ‘রিয়েল ভিইউ’

আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৭:৪৯
শীঘ্রই দেশে প্রথম ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা রিয়েল ভিইউ (Real VU) চালু করতে সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড। এই প্রযুক্তিতে স্যাটেলাইট থেকে সরাসরি টেলিভিশন সিগন্যাল গ্রহণের মাধ্যমে গ্রাহকেরা বিভিন্ন চ্যানেল দেখতে পারবেন।
 
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেক্সিমকো কমিউনিকেশনস এর প্রধান নির্বাহী দিমিত্রি লেপিস্কি এসব কথা জানান।
 
তিনি বলেন, ‘খুব শিগগিরই ‘রিয়েল ভিইউ’ ব্র্যান্ড নামে ডিটিএইচ সেবা চালু করতে আমরা সম্পূর্ণ তৈরি।’
 
বাংলাদেশের টিভি দর্শকদের টিভি দেখার অভিজ্ঞতায় এই সেবা আমূল পরিবর্তন আনবে দাবি করে তিনি বলেন, এবিএস স্যাটেলাইট বিমের প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে শুরুতে মেট্রোপলিটন এলাকাগুলোতে এই সেবা প্রদান করা হবে এবং ধীরে ধীরে সারা দেশের মানুষই এই সেবা গ্রহণ করতে পারবেন।
 
দর্শকরা মাসে মাত্র ৩০০ টাকায় গ্রাহক ২৬ টিরও বেশি বাংলা চ্যানেলসহ ১০০টিরও অধিক চ্যানেল দেখতে পারবেন। প্রধান প্রধান সব চ্যানেলই থাকবে তালিকাতে, পাশাপাশি পাঁচটি এইচডি চ্যানেল দেখা যাবে একই প্যাকেজে। 
 
আর এজন্য একজন গ্রাহকের দরকার পড়বে একটি সেট টপ বক্স এবং ডিশ অ্যান্টেনা। ইন্সটলেশন এবং মূল্য পরিশোধের পরই একজন গ্রাহক ডিটিএইচ সেবা উপভোগ করতে পারবেন।
 
মাসিক বিল পরিশোধ করা যাবে বিভিন্ন পদ্ধতিতে। গ্রাহকের দোরগড়ায় সেবা পৌঁছে দিতে ইতিমধ্যে বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড ডিস্ট্রিবিউটেরদের তালিকা চূড়ান্ত করেছে।
 
এর আগে ২০১৩ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের সরকার বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডকে দেশে ডিটিএইচ সেবা চালুর লাইসেন্স প্রদান করে। এই সেবা চালুর জন্য সকল প্রয়োজনীয় অনুমোদন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি) প্রদান করেছে। এখন কোম্পানিটি গ্রাহকদের টিভি দেখার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার শেষ ধাপে রয়েছে।
 
‘রিয়েল ভিইউ’ বেক্সিমকো এবং জিএস গ্রুপের একটি যৌথ উদ্যোগ। পরবর্তী প্রজন্মের বিনোদন চাহিদা মেটাতে ডিটিএইচ সেবা চালু করা। বেক্সিমকো বাংলাদেশি বেসরকারি কোম্পানি। আর জিএস গ্রুপ একটি রাশিয়া ভিত্তিক কোম্পানি যারা এই লক্ষ্য বাস্তবায়নে সর্বাধুনিক প্রযুক্তি সেবা দিচ্ছে।
 
ডিটিএইচ এমন একটি ডিজিটাল টেলিভিশন ডিস্ট্রিবিউশন সেবা যেখানে গ্রাহক সরাসরি স্যাটেলাইট থেকে বাসায় স্থাপিত ডিজিটাল সেট টপ বক্সের মাধ্যমে টিভি সিগন্যাল গ্রহণ করতে পারবে। বর্তমানে প্রচলিত যে কেবলের মাধ্যমে দর্শকরা টিভি দেখে থাকেন সে কেবলের আর প্রয়োজন থাকবে না।