কুমিল্লায় ২টি পাইপ গানসহ আটক ১

আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৮:১৩
কুমিল্লায় দেশে তৈরি ২টি পাইপ গানসহ আনিছুর রহমান মিঠু (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকালে নগরীর দক্ষিণ চর্থা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি দক্ষিণ চর্থার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
  
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লাস্থ র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি দল নগরীর দক্ষিণ চর্থা এলাকায় আনিছুর রহমান মিঠুর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় তৈরি পাইপগান উদ্ধারসহ তাকে আটক করা হয়।
 
কুমিল্লাস্থ র‌্যাব-১১ এর কমান্ডার মেজর খুরশীদ আলম জানান, উদ্ধারকৃত পাইপগান দু’টির আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।