‘প্রতিবন্ধী শিশুরাও কল্যাণকর ভূমিকা রাখতে পারে’

আপডেট : ১০ মার্চ ২০১৬, ২০:৫৫
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রতিবন্ধী শিশুদের প্রতি সবার বিশেষ যত্নবান হতে হবে। তারাও দেশ ও সমাজের জন্য কল্যাণকর ভূমিকা রাখতে পারে। তাদের অনেকের ভালো খেলোয়ার বা শিল্পী হওয়ার গুণাবলী সুপ্ত অবস্থায় থাকে। সঠিক পরিচর্যা করলে মূল ধারার মানুষের মতোই তাদের গুণাবলী বিকশিত হতে পারে।
 
বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াস’ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  ২০১৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের  সমাপনী অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।  
 
ঢাকা সেনানিবাসস্থ প্রয়াস স্কুল প্রাঙ্গেণ এ অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। তিনি তার বক্তব্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসনে ‘প্রয়াস’ এর কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন ওয়াজেদ পুতুল অটিজম সংক্রান্ত সমস্যার মোকাবেলার বিষয়টিতে আন্তর্জাতিক পর্যায়ে অনেক উঁচু মাত্রায় নিয়ে গেছেন। তাঁর প্রচেষ্টায় বাংলাদেশের প্রস্তাবিত অটিজম সংক্রান্ত সমস্যা বিষয়ক এজেন্ডা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনে পাস করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও ব্যক্তিগতভাবে অটিস্টিক শিশুদদের প্রতি সম্পূর্ণ আন্তরিকতা ও মাতৃসুলভ মমতা নিয়ে বিশেষ নজর দিয়ে থাকেন।
 
তিনি বলেন, কোনভাবেই অটিস্টিক শিশুরা যেন অবহেলার শিকার না হয়। এক্ষেত্রে সকলকেই সচেতন থাকতে হবে। বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ স্বাস্থ্যখাতে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। ফলে স্বাস্থ্যখাতে যথেষ্ঠ সাফল্য অর্জিত হয়েছে। সরকার অটিজম সংক্রান্ত সমস্যার বিষয়টিকেও যথেষ্ঠ গুরুত্ব দিয়ে দেখে বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 
 
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স (এমজিও) মেজর জেনারেল মো. আব্দুস সালাম খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি প্রয়াসের কার্যক্রমকে বেগবান করতে সকলকে সহযোগী হতে আহ্বান জানান। অনুষ্ঠানে প্রয়াস শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নৃত্যের তালে তালে মনোমুগ্ধকর নৃত্য প্রদর্শন করে।