ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু

আপডেট : ১০ মার্চ ২০১৬, ২১:১৯
ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে। পাবনার চাটমোহর রেল স্টেশনের পূর্ব রেলক্রসিংয়ে ঈশ্বরদী-সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ৩ ঘণ্টা পরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে।
 
চাটমোহর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, ঈশ্বরদী থেকে সন্ধ্যা ৬টার দিকে উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) এসে উদ্ধার কাজ শুরু করে। তারা এক ঘণ্টার মধ্যে মালবাহী ট্রেনের লাইনচ্যুত দুটি বগি উদ্ধার করতে সক্ষম হয়।
 
তিনি বলেন, এ সময় বিকেল সাড়ে ৫টায় চাটমোহর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় নির্ধারিত পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে থেমে থাকে। ট্রেনটি ৪ ঘণ্টা বিলম্বে সন্ধ্যা সাড়ে ৭টায় চাটমোহর থেকে ঢাকার পথে ছেড়ে গেছে বলে সহকারী স্টেশন মাস্টার জানান।
 
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ যাবার পথে চাটমোহর স্টেশনের পূর্ব রেলক্রসিংয়ে যান্ত্রিক ত্রুটির কারণে একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইচ্যুত হয়। এতে উত্তর-দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।