নড়াইল সদরের আদমপুর থেকে দুই শিশুকে অপহরণ চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে,সন্ধ্যায় নড়াইল সদরের আদমপুরের ইকরামুল ফরাজির ছেলে নিরব (৪) ও ভাইপো মেহরাবকে (৫) বাড়ির পাশ থেকে দুই নারী অপহরণের চেষ্টা করে। দুই শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। এ সময় দুই নারীকে আটক করে পুলিশে দেয়া হয়।
ইকরামুল ফরাজি জানান, ওই দুই নারী তাদের বাড়ি কখনো রাজশাহী, কখনো রংপুর, কখনো অন্য কোনো জেলার পরিচয় দিয়েছে। এ সময় তাদের কাছে চকলেট, বিস্কুট ও বেলুন ছিল।
নড়াইল সদর থানার ওসি সুভাষ বিশ্বাস জানান, অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
