খোলা বাজারে বিক্রি (ওএমএস) করা সরকারি চাল ও আটার দাম আবার কমেছে। প্রতি কেজি চালের দাম ৫ টাকা কমিয়ে ১৫ টাকা ও আটার ২ টাকা কমিয়ে ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যে বৃহস্পতিবার থেকে চাল বিক্রি শুরু হয়েছে। আর গত বুধবার থেকেই ১৭ টাকা কেজি দরে আটা বিক্রি করছে খাদ্য অধিদপ্তর। এছাড়া আগে শুধু ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ওএমএস কার্যক্রম চললেও গত বুধবার থেকে তা উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করা হয়েছে।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে সরকারের গুদামে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে। সর্বশেষ ৮ মার্চের হিসাব অনুযায়ী, দেশে খাদ্যশস্যের মোট মজুদ ১৪ লাখ ৪১ হাজার টন। এর মধ্যে চাল ১০ লাখ ৭০ হাজার টন ও গম ৩ লাখ ৭১ হাজার টন।
এছাড়া গত ১৫ ডিসেম্বর থেকে আমন সংগ্রহ কার্যক্রম চলছে। সামনেই শুরু হবে বোরো সংগ্রহ অভিযান।এ অবস্থায় গুদাম থেকে চাল বের না হলে সামনে বোরো মৌসুমে সমস্যায় পড়বে খাদ্য বিভাগ। কারণ, নির্দিষ্ট সময়ে বোরো সংগ্রহ শুরু না হলে এর প্রভাব পড়বে ধানের দামের উপর। এজন্য সরকার ওএমএসের চালের দাম কমিয়েছে। এতে একদিকে যেমন গুদাম থেকে চাল কমবে অন্যদিকে স্বল্প আয়ের মানুষ কমদামে চাল কিনতে পারবে।
খাদ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ৩ মার্চ পর্যন্ত ওএমএসে মোট খাদ্যশস্য বিক্রি হয়েছে এক লাখ ৪১ হাজার ৪৬৮ টন। এর মধ্যে চাল মাত্র এক হাজার ৩৮৫ টন ও আটা এক লাখ ৪০ হাজার ৮৩ টন। গত বছর একই সময়ে মোট বিক্রির পরিমাণ ছিল ২ লাখ ৩০ হাজার ৪১৪ টন। এর মধ্যে চাল ৬১ হাজার ৬৮৬ টন ও আটা এক লাখ ৬৮ হাজার ৭২৮ টন।
