মোহামেডানের টানা তৃতীয় জয়

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২১:২১

রাব্বির বোলিংয়ে জিতল গাজী

স্পোর্টস রিপোর্টার

শেষ ছয় বলে দরকার ছিল তিন রান। প্রথম বল ডট। দ্বিতীয় বলে সিঙ্গেল নেন সাকলাইন সজীব। আরাফাত সানির করা পরের তিনটি বলই ডট। কোনো রান নিতে পারেননি শফিউল ইসলাম। পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচের ভাগ্য। এক বলে প্রয়োজন দুই রান। মাথা ঠান্ডা রেখে শেষ বলে কভার দিয়ে দুর্দান্ত এক চার মারেন শফিউল। তাতেই গতকাল মিরপুর স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে এক উইকেটের নাটকীয় জয় পায় মোহামেডান।

ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের এটি টানা তৃতীয় জয়। মোহামেডান ছাড়া তিনটি জয় আছে শুধু আবাহনীর। প্রাইম দোলেশ্বরের এটি প্রথম হার। গতকাল বিকেএসপিতে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে তিন উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। তৃতীয় রাউন্ড শেষে গাজী ক্রিকেটার্সের জয় দুটি। আর খেলাঘর তিন ম্যাচের সবকটিই হেরেছে।

মিরপুরে আগে ব্যাট করে আট উইকেটে ২৪৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল প্রাইম দোলেশ্বর। টপঅর্ডার ব্যর্থ হলেও মিডল অর্ডারে তাইবুর রহমান ও মার্শাল আইয়ুব হাফ সেঞ্চুরি করেন। তাইবুর অপরাজিত ৭২,  মার্শাল ৬৮, জসিম ২০, ফরহাদ হোসেন ১৯,  সাদ নাসিম ১৭, মাহমুদুল হাসান ১৬ রান করেন। মোহামেডানের আলাউদ্দিন বাবু, শফিউল তিনটি করে উইকেট নেন।

অনেক চড়াই-উতরাইয়ের পর শেষ ওভারে জয় নিশ্চিত করে মোহামেডান। নয় উইকেটে ২৫১ রান করে ক্লাবটি। সোহাগ গাজী ৭০, আলাউদ্দিন বাবু ৩৮, ইরফান শুক্কুর ৩০, নাদিফ ৩০, তুষার ১৯, রকিবুল ১৬, শফিউল অপরাজিত ১০, সাকলাইন সজীব অপরাজিত ১ রান করেন। প্রাইম দোলেশ্বরের ফরহাদ রেজা চারটি, সাদ নাসিম- সৈকত আলী দুটি করে উইকেট নেন। মোহামেডানের সোহাগ গাজী ম্যাচ সেরা হন।

বিকেএসপিতে কামরুল ইসলাম রাব্বির ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪৭.৫ ওভারে ১৩৮ রানে অলআউট হয় খেলাঘর। মাহিদুল ৫৭, নাজিমউদ্দিন ২১, অশোক মেনারিয়া ১৫ রান করেন। কামরুল ইসলাম রাব্বি ২৪ রানে পাঁচ উইকেট নেন। জবাবে পারভেজ রসুল, শামসুর রহমানের হাফ সেঞ্চুরিতে ৩৯.৫ ওভারে সাত উইকেটে ১৪২ রান করে ম্যাচ জিতে নেয় গাজী ক্রিকেটার্স। পারভেজ রসুল অপরাজিত ৫৯, শামসুর ৫১ রান করেন। খেলাঘরের রবিউল হক ৪১ রানে নেন পাঁচ উইকেট। গাজী ক্রিকেটার্সের কামরুল ইসলাম রাব্বি ম্যাচ সেরা হন।

সংক্ষিপ্ত স্কোর

মোহামেডান স্পোর্টিং ক্লাব-প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব

প্রাইম দোলেশ্বর: ৫০ ওভারে ২৪৮/৮ (তাইবুর ৭২*,  মার্শাল ৬৮,  জসিম ২০, ফরহাদ ১৯,  সাদ নাসিম ১৭, মাহমুদুল ১৬; আলাউদ্দিন বাবু ৩/৪৯, শফিউল ৩/৬৪, সোহাগ গাজী ১/৩৭, সাকলাইন  সজীব ১/৪০)

মোহামেডান: ৫০ ওভারে ২৫১/৯ (সোহাগ গাজী ৭০, আলাউদ্দিন বাবু ৩৮, ইরফান শুক্কুর ৩০, নাদিফ ৩০, তুষার ১৯, রকিবুল ১৬, চাতুরঙ্গা ডি সিলভা ১২, শফিউল ১০*, সাকলাইন ১*, অভিষেক মিত্র ১১; ফরহাদ রেজা ৪/৫৫, সাদ নাসিম ২/২৮, সৈকত আলী ২/৫২, এনামুল জুনিয়র ১/৩৮)

ফলাফল: মোহামেডান এক উইকেটে জয়ী

 

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি- গাজী গ্রুপ ক্রিকেটার্স

খেলাঘর: ৪৭.৫ ওভারে ১৩৮ (মাহিদুল ৫৭, নাজিম ২১, অশোক মেনারিয়া ১৫, রবিউল হক ৭*; কামরুল ইসলাম রাব্বি ৫/২৪, মেহেদী হাসান ২/১৮, মাইশুকুর ১/৬, আবু হায়দার ১/২২, নাসুম ১/৩৫)

গাজী ক্রিকেটার্স: ৩৯.৫ ওভারে ১৪২/৭ (পারভেজ রসুল ৫৯*, শামসুর ৫১, আবু হায়দার ৬*; রবিউল হক ৫/৪১, তানভীর ইসলাম ১/৩৪)

ফলাফল:  গাজী ক্রিকেটার্স তিন উইকেটে জয়ী