ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার জেঠাগ্রামের চটিপাড়ার নিরধন দেবের বাড়িতে অগ্নিকাণ্ডে এক স্কুলছাত্র অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত দুঃখু দেব (১১) নিরোধ দেবের ছেলে। অগ্নিদগ্ধ নিহতের চাচা নিরধন দেব (৭০) জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার রাতে আটটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুইটি ঘর, নগদ দুই লাখ টাকা ও ঘরে থাকা বিভিন্ন ফসলসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়ে গেছে।
এলাকাবাসী ও ওই গ্রামের কৃষক আহত নিরধন দেব জানান, কেরোসিনের বাতি থেকে আগুনের সূত্রপাত্র হয়। আগুনের লেলিহান শিখা মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়লে ঘর থেকে কিছুই বের করা যায়নি। দুঃখুকে উদ্ধার করে প্রথমে উপজেলা সদর হাসপাতালে পরে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। আশংকাজনক অবস্থায় রাতে দুঃখুকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সে মারা যায়।
গোর্কণ ইউপি চেয়ারম্যান এমএ হান্নান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
