উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আরও পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে কোরীয় উপদ্বীপে উত্তেজনা আরও জোরদার হওয়ার প্রেক্ষাপটে তিনি এ নির্দেশ দিয়েছেন।
গত সোমবার মহড়া শুরু হওয়ার পর থেকে পিয়ং ইয়ং প্রতিদিন একের পর এক হুমকি ও বিবৃতি দিয়ে যাচ্ছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মহড়া চলবে। এর আগে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ‘জ্বালিয়ে-পুড়িয়ে ছাই’ করে দেওয়ার হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। একই সঙ্গে পিয়ং ইয়ং ওই দুটি দেশের ওপর ‘নির্বিচারে’ পরমাণু বোমা হামলা চালানোরও হুমকি দেয়।
উত্তর কোরিয়ার নেতা তার দেশের পারমাণবিক অস্ত্র ‘যেকোনো সময়’ ব্যবহারের জন্য প্রস্তুত থাকতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়ে রেখেছেন। সম্প্রতি কিম জং উন দাবি করেন, তার দেশের বিজ্ঞানীরা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে ব্যবহার উপযোগী ছোট আকারের ওয়ার হেড তৈরি করেছেন।
দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যম এ-সংক্রান্ত খবরের সঙ্গে কিছু ছবি প্রদর্শন করে। এতে দেখা যায়, কিম জং উন কথিত ছোট পারমাণবিক বোমার পাশে দাঁড়িয়ে আছেন। খবরে একে ক্ষুদ্রাকৃতির পারমাণবিক বোমা হিসেবে উল্লেখ করা হয়।
বৃহস্পতিবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পরিদর্শনকালে কিম আরও পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দেন। দেশটির সংবাদ সংস্থা কেসিএনএ’র খবরে এ কথা বলা হয়েছে। কেসিএনএ জানায়, উ. কোরিয়া বৃহস্পতিবার দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সূত্র: এএফপি
