খুলনা মহানগরীর হরিণটানা থানার মোস্তর মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মাসুম গাজী (৩৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত ভ্যান চালক বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাসিন্দা। তিনি নগরীর জিরো পয়েন্টে এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
হরিণটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর হমান জানান, শুক্রবার সকাল ১০টার দিকে ভ্যান চালক মাসুম তার ভ্যান নিয়ে মোস্তর মোড় থেকে জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে মশুর ডাল বোঝাই একটি ট্রাক ভ্যান চালক মাসুম গাজীকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথা ফেটে ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে।
পুলিশ নিহত ভ্যান চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ডাল বোঝাই ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
