বার্সার বিপক্ষ ম্যান ইউ

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২১:২২

মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো

জুভেন্তাস পেল আয়াক্সকে

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। বিশ্ব ফুটবলের আরেক তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্তাসের শেষ আটের প্রতিপক্ষ আয়াক্স।

গতকাল সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার সদর দপ্তরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ও সেমিফাইনালের যে ড্র অনুষ্ঠিত হয়, তাতে মেসি ও রোনালদোর ফাইনালে মুখোমুখি হওয়ার সুযোগ আছে। কেননা কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে বার্সেলোনা ও জুভেন্তাস মুখোমুখি হচ্ছে না।

মেসি রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে তিনবার একে অপরের মুখোমুখি হয়েছিলেন। এর মধ্যে দুবার ছিল টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। সেটি ২০০৭-০৮ মৌসুমেই এবং খেলা দুটিতে জয় হয় রোনালদোর। অপরটি ছিল ২০০৯ মৌসুমে। সেবার রোমে অনুষ্ঠিত ফাইনালে রিয়াল মাদ্রিদের রোনালদোর বিরুদ্ধে শেষ হাসি হাসেন মেসি।

কালকে ড্রয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চার ক্লাবের দুটি অবশ্য পুরস্পরের মুখোমুখি হয়ে যায়। ক্লাব দুটি হলো ম্যানচেস্টার সিটি ও  টটেনহ্যাম হটস্পার। আরেক ইংলিশ ক্লাব ও গেলবারের ফাইনালিস্ট লিভারপুল পেয়েছে পোর্তোকে।

ইংলিশ ক্লাবগুলোর মধ্যে এ ড্রয়ের ফলে সর্বোচ্চ তিনটির পক্ষেই কেবল সেমিফাইনাল খেলা সম্ভব। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৯ ও ১০ এপ্রিল। ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে ফিরতি লেগ । অপরদিকে সেমিফাইনালের প্রথম লেগ ৩০ এপ্রিল ও ১ মে এবং ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ৭ মে।  

অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় ১ জুন হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। ৬৮ হাজার দর্শক ফাইনালটি দেখতে পারবেন।

বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি মৌসুমের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ব্যাপারে একরকম ঘোষণাই দিয়ে দিয়েছিলেন। ইউরোপীয় শিরোপা পুনরুদ্ধারের পথে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ ষোলয় তারা ফরাসি ক্লাব পিএসজির বিপক্ষে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে এ পর্বে উঠে আসে।

কোচ আর্নেস্তো ভালভার্দের বার্সেলোনার জন্য এ ড্র দৃশ্যত অনুকূলই হয়েছে। কেননা কাতালান ক্লাবটি শেষ আটে শক্তিশালী দুই দল সিটি ও জুভেন্তাসকে মোকাবিলা করতে হচ্ছে না। সঙ্গত কারণেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার ভালো সম্ভাবনা আছে মেসিদের।

রোনালদোর দল ও শিরোপাপ্রত্যাশী জুভেন্তাস কোয়ার্টার ফাইনালে আয়াক্সের বিপক্ষে জয়ের ব্যাপারে ফেভারিট। যদিও ডাচ ক্লাবটি রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে দিয়েই উঠে আসে। ইতালির চ্যাম্পিয়ন দলটি যদি আয়াক্সকে হারাতে পারে তা হলে ফাইনালে ওঠার লড়াইয়ে পাবে ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যামের মধ্যকার জয়ী দলকে।

জুভেন্তাসের জন্য আশার ব্যাপার হলো— আয়াক্সের বিরুদ্ধে রোনালদোর রেকর্ড ভালো। পর্তুগীজ এ স্ট্রাইকার যে চারবার ডাচ ক্লাবটির বিরুদ্ধে খেলেছেন, তার সবকটিতেই গোল পেয়েছেন তিনি। সব মিলিয়ে আয়াক্সের বিরুদ্ধে তার গোল সাতটি। আয়াক্সের বিরুদ্ধে দুই খেলায় তিনি গোল করেছেন একটি করে। কিন্তু অপর দুটিতে তার আছে জোড়া গোল ও একটি হ্যাটট্রিক।

এ দিকে গেলবারের ফাইনালিস্ট লিভারপুল কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পোর্তোকে। লড়াই দুটির জয়ী দল সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে।

সূচি

কোয়ার্টার ফাইনাল

আয়াক্স-জুভেন্তাস

লিভারপুল-পোর্তো

টটেনহ্যাম-ম্যানচেস্টার সিটি

বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেড

সেমিফাইনাল

আয়াক্স-জুভেন্তাস বনাম টটেনহ্যাম-ম্যানচেস্টার সিটি

লিভারপুল-পোর্তো বনাম বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেড