লিবিয়া প্রসঙ্গে ক্যামেরন-সারকোজিকে একহাত নিলেন ওবামা

আপডেট : ১১ মার্চ ২০১৬, ১৯:৩৮
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, লিবিয়ায় ২০১১ সালে ন্যাটো নেতৃত্বাধীন সামরিক হস্তক্ষেপের সময় ডেভিড ক্যামেরন দেশটির ওপর থেকে মনোযোগ সরিয়ে নিয়েছিলেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি তার দেশের ভূমিকা সম্প্রসারণ করতে চেয়েছিলেন।
 
বৃহস্পতিবার দ্য আটলান্টিক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাত্কারে ওবামা তার ঘনিষ্ঠ দুই মিত্রের সমালোচনা করতে ছাড়েননি। তিনি লিবিয়ায় ব্রিটিশ ও ফ্রান্সের নেতৃত্বাধীন অভিযানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ওই অভিযানের পরিপ্রেক্ষিতে দেশটির সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পতন হয়।
 
ওবামা বলেন, লিবিয়ার সমস্যা নিয়ে তিনি যখন ভাবছিলেন, তখন চারদিকে সমালোচনা হচ্ছিল। কারণ ইউরোপীয়দের প্রতি তার অনেক বিশ্বাস ছিল। তিনি বলেন, লিবিয়ায় সামরিক অভিযানের পর ক্যামেরন দেশটির প্রতি মনোযোগ দেয়া বন্ধ করে দিয়ে অন্যান্য বিষয়ের প্রতি দৃষ্টি দিয়েছিলেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট সারকোজির লিবিয়ায় তার দেশের বিমান অভিযান নিয়ে আত্মতুষ্টিতে ছিলেন।
 
উল্লেখ্য, সরকার পতনের পর লিবিয়ায় অরাজকতা সৃষ্টি হয়েছে। প্রতিদ্বন্দ্বী মিলিশিয়ারা বিভিন্ন ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে আর ইসলামিক স্টেটের (আইএস) প্রভাব বেড়েছে দেশটিতে। সূত্র: এএফপি