শালিখা থেকে আখিঁ খাতুন নামে (১১) বছর বয়সী এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসীর খবরের ভিত্তিতে শালিখা থানা পুলিশ শুক্রবার দুপুরে গঙ্গারামপুর ইউনিয়নের গজনগর গ্রামের একটি গম ক্ষেত থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে।
পুলিশ বলছে ধর্ষনের পর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ওই কিশোরী ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার হাসানকাঠি গ্রামের মোয়াজ্জেম হোসেনের কন্যা।
শালিখা থানার ওসি আবু জিহাদ ফকরুল ইসলাম খান জানায়, ছবি তোলার জন্য বৃহস্পতিবার সকালে চাচা মনিরুল ইসলামের সাথে ঝিনাইদহ শহরের কনিকা কালার ল্যাব স্টুডিওতে আসে আখি। সেখান থেকে কৌশলে চাচার পরিচিত যশোরের চুড়ামনকাঠির জুয়েল নামে এক যুবক তাকে অপহরণ করে। পরে অনেক খোজাখুজির পর আখিকে না পেয়ে তার পরিবার বিকালে ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করে।
এক পর্যায়ে মোবাইল ফোনে তার পরিবারের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে অপহরণকারীরা। মোবাইল ফোনের সুত্র ধরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঝিনাইদহ থানা পুলিশ নড়াইল-মাগুরা জেলার সিমান্ত এলাকা শালিখা উপজেলার গঙ্গারামপুর এলাকায় অপহরণকারীদের অবস্থান সনাক্ত করে। যে বিষয়টি শালিখা থানা পুলিশকে জানালে শুক্রবার দুপুরে গজনগর গ্রামের একটি গম ক্ষেত থেকে আখির লাশ উদ্ধার করে। প্রাথমিক আলামতের সূত্র ধরে পুলিশ বলছে দুর্বৃত্তরা ধর্ষনের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এ ব্যাপারে ঘটনা সুত্রপাত স্থল ঝিনাইদহ সদর থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে শালিখা থানা পুলিশ।
