১২তম আইক্যাপ সম্মেলন কাল থেকে শুরু

আপডেট : ১১ মার্চ ২০১৬, ২১:০৫
ইন্টারন্যাশনাল কংগ্রেস অন এইডস ইন এশিয়া এ্যান্ড দি প্যাসিফিক (আইসিএএপি) বা আইক্যাপ-এর ১২তম সম্মেলন আগামীকাল ঢাকায় শুরু হবে। শেষ হবে আগামী ১৪ মার্চ। 
 
'এইডস মুক্ত প্রজন্মের জন্য পরিবর্তনের ডাক, এটা আমাদের স্বাস্থ্যের অধিকার' এই স্লোাগানকে সামনে রেখে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে আইক্যাপের ১২তম আন্তর্জাতিক এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
 
বাংলাদেশ সরকার এবং পার্টনারস ইন পপুলেশন (পিপিডি) এর সাথে যৌথভাবে আইক্যাপ-১২ সম্মেলনের আয়োজন করছে। এই সম্মেলনে বিশ্বের ৫৬ টি দেশের প্রায় ১ হাজার প্রতিনিধি অংশ নেবেন। সম্মেলনে বিভিন্ন পর্যায়ে অনধিক ৫০ টি বৈজ্ঞানিক সেশনসহ ৩ টি প্ল্যানারি সেশন অনুষ্ঠিত হবে। প্রায় ৪শ বক্তা বিভিন্ন বিষয়ে বৈজ্ঞানিক ও গবেষণামূলক প্রতিবেদন উপস্থাপন করবেন।
 
এছাড়াও তিন দিনের কর্মসূচিতে চিকিৎসক, এইডস বিশেষজ্ঞ, গবেষক ও এ্যাক্টিভিস্টসহ বিশ্বের প্রায় চারশত প্রতিনিধি তাদের অভিজ্ঞতা ও পরামর্শ বিনিময় করবেন।